জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় গঠিত তদন্ত কমিটির পুলিশের দোষ খুঁজে পেয়েছে। রোববার (২৮ জুন) চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর কাছে এ প্রতিবেদন জমা দেয়া হয়েছে।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় যারা দোষী তাদের চিহ্নিত করেছে তদন্ত কমিটি। যাদের বিরুদ্ধে প্রথমে ব্যবস্থা নেওয়া হয়েছিল তার বাইরেও কিছু পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। তদন্ত শেষে কমিটি বেশ কিছু সুপারিশ করেছে বলেও জানিয়েছে সিএমপি কমিশনার।গত ১২ জুন রাতে নগরীর লালখান বাজার মোড়ে অটো রিকশা আটকে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে খুলশী থানায় নিয়ে যায় পুলিশ। এসময় তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠে।
ওই দিন ঢাকা প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ খেলে বিমানে চট্টগ্রাম এসেছিলেন নাঈম হাসান। বিমানবন্দর থেকে অটো রিকশা করে চান্দগাঁও এলাকায় নিজের বাসায় যাওয়ার পথে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। পরে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ফোন পেয়েও নড়েচড়ে বসে পুলিশ। তার পরিবারের সদস্য এবং পুলিশের ঊর্দ্ধতনরা থানায় গিয়ে তাকে ছাড়িয়ে আনেন।
পরদিন দুপুরে দিকে নগরীর বহদ্দারহাট ফরিদার পাড়া এলাকায় নাঈম হাসানের বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেন কমিশনার হাসান মো. শওকত আলী। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অভিযানে থাকা খুলশী থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে ও খুলশী থানার ওসি আরিফ হোসেনকে প্রত্যাহার করা হয়।
ঘটনা তদন্তে নগর পুলিশের উপ কমিশনার (পশ্চিম) আলমগীর হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটির গঠন করেন সিএমপি কমিশনার। গেল ১৮ জুন কমিটি প্রতিবেদন দেয়ার কথা থাকলেও কমিশনার কমিটিকে আরও চার কার্যদিবস সময় দেন। সে সময় শেষ হওয়ার পর রোববার কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
এ ঘটনায় নাঈম হাসানের ভাই কামরুল আলম দুই পুলিশ সদস্য ও সোর্স সোহেলকে আসামি করে মামলা করেছিলেন।